×

কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় বন্ধ কারখানা স্টাইল ক্রাফ্ট পুনরায় খোলা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।

আজ সোমবার সকালে জয়দেবপুর-ঢাকা সড়কে বিক্ষোভ ও একপর্যায়ে তাঁরা অবরোধ সৃষ্টি করেন। এতে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিল।

এ সময় শ্রমিকদের দাবি আদায়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শ্রমিক নেতা নজরুল ইসলাম বলেন, ‘কারখানার মালিক সময়মতো টাকা পরিশোধ না করায় আমরা খুবই বিপাকে পড়েছি। আবার অন্য কারখানায়ও যেতে পারছি না। অবিলম্বে কারখানা খোলে বকেয়া বেতন পরিশোধ করা হোক।’

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া আছে। আজ সকালেই শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হন। এরপর তাঁরা সেখানে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে কারখানার সামনের জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। তারা জানায়, চলতি বছরের দুই ঈদের আগে শ্রমিকেরা আন্দোলন করে কিছু বেতন আদায় করলেও এখনো তাঁদের বেতন পাওনা রয়েছে। গত ঈদুল আজহার আগের দিন মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের কাছ থেকে টাকা ধার নিয়ে শ্রমিকদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। এরপর আর কারখানা চালু করা হয়নি।

গাজীপুর মহানগর শিল্প পুলিশের পরিদর্শক আবদুল মোতালেব জানান, কারখানাটি অনেক দিন বন্ধ। এখানে শ্রমিকদের বেতন পাওনা আছে। সেই দাবিতে তাঁরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা খবর পেয়ে শ্রমিকদের সাথে আলোচনার পর সড়ক অবরোধ তুলে নেয়া হয়।