×

গাজীপুরে পানিতে ডুবে ৩ কিশোরীর মৃত্যু, নিখোঁজ-১

গাজীপুর প্রতিনিধি : স্কুল খোলার আনন্দ, কৈশোরের দুরন্তপনা অথবা বর্ষার নতুন পানিতে ঝাপঝাপির লোভ সবকিছু কিশোরীদের কাছে প্রিয়। দল বেধেইতো সব সময় এসবে মাতে ওরা। কিন্তু সেই দুরন্তপনায়ই একসাথে জীবনাবসান হলো ৩ কিশোরীর। গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৩ কিশোরী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু কেহই মেনে নিতে পারছে না। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এখনো নিখোঁজ রয়েছে একজন।

আজ সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলার লবন্দহ খালের পাইনশাইল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিচি আক্তার (১৫), একই গ্রামের মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার (১৪)। তারা মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্রী ছিলো। একই গ্রামের হায়েত আলীর মেয়ে গাছপুকুরপাড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী আইরিন আক্তার (১৪)।

নিখোঁজ রয়েছে, পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিয়া আক্তার (১০), সে গাছপুকুরপাড়া মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার লবন্দহ খালে বন্যার পানিতে এখন অথৈই পানি। প্রতিদিনই সেখানে আশপাশের শিশু কিশোররা গোসল করতে নামে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে রিচি, রিয়া, আইরিন ও মায়াসহ ৫-৬ জন কিশোরী গোসল করতে নামে এসময়ে ওই চারজন হঠাৎ খালের স্রোতে পড়ে যায়। এসময়ে খালের পাড়ে থাকা অন্য শিশু কিশোররা তাদের দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করে। এত দুই জন পারে উঠেতে পালেও ওই চারজন পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করতে না পেয়ে গাজীপুর দমকল বাহিনীকে খবর দেয়া হয়। দুপুর দেড়টার দিকে গাজীপুর দমকল বাহিনীর ডুবুরি দল প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে তিন জনের মৃতদেহ উদ্ধার করে। তবে পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিয়া আক্তার নিখোঁজ রয়েছে।

ঘটনার খবর পেয়ে গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী, স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান, জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষন করছেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক মিয়া জানান, বিকাল চারটা পযন্ত তিন কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্য নিখোঁজ আরেক কিশোরীকে খোঁজার কাজ অব্যাহত রয়েছে।