নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দাম বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন করে চিনির মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ৭৫ টাকায় বিক্রি হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে ব্যবসায়ীদের এক বৈঠকে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের মূল্য বিশ্লেষণ করে এই দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চিনির নতুন এই দরের পক্ষে মত দিয়েছে।
আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার কারণে কিছুদিন ধরেই দেশের বাজারে চিনির দাম বাড়তি ছিল। বর্তমানে খোলা চিনি কেজিপ্রতি ৭৮-৮০ টাকায় এবং প্যাকেটজাত চিনি ৮০-৮৬ টাকায় বিক্রি হচ্ছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার গবেষণার তথ্য অনুযায়ী, গত মাসে চিনির দাম প্রায় ১৩% বেড়েছে। এই মূল্য গত বছরের তুলনায় ২৬% বেশি।
