×

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আগামী ১৭ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে দলে নেই কোনো বিশেষ চমক। নিউজিল্যান্ড সিরিজে যারা খেলছেন তাদের ১৫ জনকে রেখে বিশ্বকাপের দল সাজানো হয়েছে।

চলমান সিরিজ থেকে স্কোয়াডে নেই মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। তবে স্ট্যান্ডবাই হিসেবে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে যাওয়া হচ্ছে।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্ট্যান্ডবাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন। নির্বাচক কমিটির বাকি দুই সদস্য হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক পাশেই ছিলেন।

২০০৭ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরে খেলছে বাংলাদেশ। প্রতিটি আসরেই খেলেছেন মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিক। নিজেকে সরিয়ে না নিলে তামিম ইকবালও থাকতেন এ তালিকায়।

বিশ্বকাপে অংশ নিতে ৪ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ। কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে ওমানে কোয়ারেন্টাইন লাগবে না। তবে দেশ ছাড়ার আগে ও ওমানে পৌঁছার পর কোভিড নেগেটিভ হতে হবে। বাংলাদেশ দলের প্রত্যেকের পুরো ভ্যাকসিন নেওয়া আছে। ফলে ক্রিকেটারদের কোয়ারেন্টাইন করা লাগবে না।

ওমানে তিন দিন পরই শুরু হবে অনুশীলন। সপ্তাহখানেক নিজেদের খরচে ক্যাম্প করে বাংলাদেশ আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে। এরপর আইসিসির সুযোগ সুবিধা নেবে বাংলাদেশ। তবে প্রস্তুতি ম্যাচগুলি খেলতে যেতে হবে দুবাই। এরপর আবার ফিরতে হবে ওমানে।

বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ শুরু ১৭ অক্টোবর। বাংলাদেশ প্রথম রাউন্ড খেলবে ওমানে। যা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। প্রথম রাউন্ড খেলে বাংলাদেশকে জায়গা করে নিতে হবে সুপার-১২তে।

উদ্বোধনী দিনেই প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে নামবে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এই পর্বে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে।