×

নতুন ক্লাস রুটিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :  শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে একটি মৌলিক রুটিন অনুযায়ী। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বৈঠক করে আজ মঙ্গলবার এই রুটিন প্রণয়ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিগগিরই তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নতুন রুটিনে অনুযায়ী  ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার দুটি বিষয়ের চারটি ক্লাস নেওয়া হবে। ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের শনিবার ও রোববার দুটি বিষয়ের চারটি ক্লাস হবে। এ ছাড়া ষষ্ঠ শ্রেণির ক্লাস সোমবার, সপ্তম শ্রেণির মঙ্গলবার, অষ্টম শ্রেণির বুধবার ও নবম শ্রেণির ক্লাস বৃহস্পতিবার নেওয়া হবে। মাধ্যমিকের সব স্তরে প্রতিদিন দুটি বিষয়ের চারটি করে ক্লাস করানো হবে।

রুটিন অনুসরণ করে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিপাঠ পরিচালনা করতে হবে। শিক্ষকরা মৌলিক ক্লাস রুটিনকে সাধুবাদ জানিয়ে তা অনুসরণ করার সম্মতি জানিয়েছেন।

মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করে আমরা একটি গাইডলাইন মূলক মৌলিক ক্লাস রুটিন তৈরি করছি। সেটি অনুসরণ করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রুটিন ও ক্লাস পরিচালনা করতে হবে। খুব শিগগিরই তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।