নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৩তম সামিটসহ কয়েকটি আন্তর্জাতিক সামিটে অংশ নিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা ত্যাগ করেছেন।
সেখানে তিনি স্পিকার্স অফ পার্লামেন্টের পঞ্চম কনফারেন্স এবং কাউন্টার টেররিজম এর প্রথম বৈশ্বিক সংসদীয় সামিটে অংশ নিবেন।
রোববার ভোরে ভিয়েনার উদ্দেশে স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করেন। খবর বাসসের
ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় ৬-৮ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য সামিট এবং কনফারেন্সসমূহে স্পিকার বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।
সামিটসমূহে ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে অন্যান্যের মধ্যে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, রুমানা আলী এমপি এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি রয়েছেন।
স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
সফরশেষে স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদল আগামী ১০ সেপ্টেম্বর অথবা নিকটবর্তী সুবিধাজনক সময়ে ঢাকায় ফিরে আসবেন।
