নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রূপপুর আইকে রোডের জয়নগর শিমুলতলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় এলাকার জহুরুল ইসলামের ছেলে জয় (২১) ও লালন মিয়ার ছেলে ইব্রাহীম (২২)। এ প্রতিবেন লেখা পর্যন্ত নিহত অপর ব্যক্তির নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, ঈশ্বরদী থেকে দ্রুত বেগে দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে যাচ্ছিল। জয়নগর শিমুলতলা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিযুক্ত অর্গান কোম্পানির মাইক্রোবাসের সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরেকজন মারা যান।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ নয়া দিগন্তকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গিয়েছে। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
