×

গাজীপুরে ১৫শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ॥ জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের শহীদ সিদ্দিক সড়ক, জয়বাংলা রোড, বড়বাড়ি ও শরীফপুর এলাকায় প্রায় ১ হাজার ৫শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। অবৈধ গ্যাস ব্যবহার করায় ৪ জনকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিনের নেতৃত্বে সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, সিটি করপোরেশনের শহীদ সিদ্দিক সড়ক, হিন্দু বাড়ি, জয়বাংলা রোড ও বড়বাড়ি এলাকায় ৯টি স্পটে অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ও এক ইঞ্চি ব্যাসের ৩ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৪শ’ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ৬শ’ বাড়ির প্রায় ১৫শ’ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্যাস সংযোগ প্রদান করার দায়ে উক্ত এলাকার বাসিন্দা ফাতেমাকে ২৫ হাজার, ঈশিতা আক্তারকে ১০ হাজার ও ফাতেমা আক্তারকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অপরদিকে হারিকেন রোড, সোন্ডা শরিফপুর এলাকায় অবস্থিত মেসার্স সাদি সোয়েটার নামক শিল্প প্রতিষ্ঠানটিতে অবৈধ গ্যাস সংযোগের থাকায় উক্ত প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী তানজিদা ইয়াসমিনকে ৯০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে এবং শিল্প সংযোগটি বিচ্ছিন্নসহ স্থায়ীভাবে কিলিং করা হয়।
অভিযান পরিচালনাকালে তিতাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুয আলম, ব্যবস্থাপক (প্রশাসন ও সেবা শাখা) মো. ছায়েফ উদ্দিন, উপব্যবস্থাপক মির্জা শাহনেওয়াজ লতিফ, আবদুল্লাহ হাসান আল মামুন, উপ-সহকারি প্রকৌশলী মজিবুর রহমান, মো. সাবিনুর রহমান, সহকারি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মো. ইকবাল হোসেন চৌধুরী এবং বিক্রয় সহকারি আনোয়ার হোসেনসহ টেকনিক্যাল টিম উপস্থিত ছিলেন।