×

রোনালদো ফিরেছেন, সোনালি দিন ফিরবে ম্যানইউর?

স্পোর্টস ডেস্ক: ১৮ বছর বয়সের লিকলিকে সুদর্শন এক তরুণ যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। বল নিয়ে কারিকুরি করতে যাঁর জুড়ি নেই, ছুটতে পারেন বাতাসের গতিতে। স্যার অ্যালেক্স ফার্গুসনের দীক্ষায় সেই তরুণ যত দিনে নিজেকে গড়ে তুললেন পরিপূর্ণ একজন ফুটবলার হিসেবে, তত দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রফি কেসে যোগ হয়ে গেছে আরো তিনটি প্রিমিয়ার লিগ, আর ফার্গুসনের শেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপাটাও ২০০৮ সালে।

এর পরই রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে উড়ে গেলেন সেই ফুটবলার—ক্রিস্তিয়ানো রোনালদো। পেছনে পড়ে রইল ওল্ড ট্র্যাফোর্ড। ক্রমে জৌলুস হারাল তা। ২০১৩তে ফার্গুসনের বিদায়ের পর আর লিগ শিরোপা চোখে দেখেনি তারা, চ্যাম্পিয়নস লিগ তো দূর। নিয়মিত সুযোগই হয় না ইউরোপসেরার সে আসরে। ওদিকে রিয়ালে গিয়ে লা দেসিমার স্বপ্ন পূরণ করলেন পর্তুগিজ তারকা। ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত জিতলেন চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা। হলেন ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, ৪৩৮ ম্যাচে করলেন ৪৫০ গোল, ম্যাচপ্রতি একটিরও বেশি।

জুভেন্টাস হয়ে সেই রোনালদোর আবার ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা রেড ডেভিলদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে নিশ্চিত। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রিয়ালে ৯ বছরের ক্যারিয়ারে যা করেছে তার একটা ঝলকও যদি ম্যানইউ ফিরে পায়, নিশ্চিত তারা আবার নতুন দিন দেখবে।

এটা ঠিক যে জুভেন্টাসকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। রোনালদো যাওয়ার আগের তিন বছরে দুইবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা দলটি এরপর আর কোয়ার্টার ফাইনালও পেরোতে পারেনি। তাঁর শেষ মৌসুমে হারিয়েছে স্কুদেত্তোও। যদিও রোনালদোর ব্যক্তিগত রেকর্ড তাঁর হয়েই কথা বলবে, সিরি ‘এ’-র শেষ মৌসুমটায়ও তিনি ছিলেন যে সর্বোচ্চ স্কোরার। মাত্র চার ম্যাচ খেলে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন গত ইউরোতেও। ব্যর্থতায় জুভেন্টাসের ম্যানেজমেন্টও দায় এড়াতে পারে না, তিন মৌসুমে তিন কোচকে নিয়োগ দিয়েছে তারা। তুলনায় এই মুহূর্তের ম্যানইউ স্কোয়াড রোনালদোর স্কোরিংয়ের ফসল তুলতে সবচেয়ে কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে।

নতুন দলে ভিড়িয়েছে তারা রাফায়েল ভারান ও জ্যাডন সাঞ্চোকে। আগে থেকেই আছেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ, পল পগবা; আক্রমণে সঙ্গী হবেন এদিনসন কাভানি, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি মার্সিয়ালরা। রোনালদো সাবেক সতীর্থ প্যাট্রিস এভরাকে নাকি হোয়াটসঅ্যাপে লিখেছেন, ‘আমি আমাদের ক্লাবেই ফিরছি।’ এই সুখী রোনালদোকে নিয়ে সোনালি দিন ফেরানোর স্বপ্ন তো দেখতেই পারে ম্যানইউ।