নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেয়র মোঃ জাহাঙ্গীর আলমের নিজ অর্থায়নে মহানগরে ১৫০টি গরু ও প্রতিটি গরুর সাথে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। মহানগরের ৫৭ ওয়ার্ড ৮ থানা গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনকে জাতীয় শোক দিবসের কাঙালি ভোজ আয়োজনের উদ্দেশ্যে এসব গরু দেন।
আজ শনিবার নিজ বাসভবন থেকে তিনি এসব গরু বিতরণ করেন। প্রতিটি গরুর সাথে ৫০ হাজার টাকা করেও দেন তিনি। মেয়র অসুস্থ থাকায় মেয়রের পক্ষে আওয়ামীলীগ নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে ১৫০ টি গরু বিতরণ করেন। এ সময় মেয়র বাসভবনে থেকে ডিজিটাল পদ্ধতিতে গরু বিতরণ অনুষ্ঠান মনিটরিং করেন।
এ সময় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি কাজী আলিমুদ্দিন বুদ্দিন, সিনিয়র আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুল হাদী শামিম ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান , যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জাামান তরুণ, মহানগরে আ. উপদেষ্টা মন্ডলির সদস্য কাজী মোঃ সেলিম, টঙ্গী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, সাধারণ সম্পাদক প্রার্থী এম এম নাসির উদ্দিন প্রমুখ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান তরুণ বলেন, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম মেয়র হওয়ার পূর্ব থেকেই প্রতিটি শোক দিবসে গাজীপুর মহানগরের প্রতিটি ওয়ার্ড সহ শতাধিক পয়েন্টে মিলাদ ও দোয়া মাহফিল শেষে খাবারের জন্য গরু ও খরচের জন্য টাকা বিতরণ করে আসছেন। তাছাড়া মেয়রের এই উদ্যোগের ফলে জাতির পিতার শাহাদৎ বার্ষিকিতে কাঙালি ভোজ বা দুয়া আয়োজনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আর্থিক সমস্যা থাকবে না। আওয়ামী লীগ কর্মীদের কারো কাছে হাত পাততে হবে না। মেয়রের এই মহতী উদ্যোগকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ খুশি মনে গ্রহন করেছেন।
