আর্ন্তজাতিক ডেস্ক: কাবুলের বোমা হামলায় আফগান বিমান বাহিনীর পাইলট হামিদুল্লাহ আজিমি নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন এবং তালেবান হামলার দায় স্বীকার করেছে।
কর্মকর্তারা জানান, তার গাড়ির সাথে সংযুক্ত একটি আঠালো বোমা বিস্ফোরিত হলে, তিনি প্রাণ হারান। বিস্ফোরণে আরো পাঁচ সাধারণ নাগরিক আহত হয়েছেন।
আফগান বিমান বাহিনীর কমান্ডার, আব্দুল ফাতাহ ইসহাকজাই রয়টার সংবাদ মাধ্যমকে জানান, পাইলট আজিমি যুক্তরাষ্ট্রের নির্মিত ইউএইচ৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার চালানোর ওপর প্রশিক্ষণ প্রাপ্ত এবং আফগান বিমান বাহিনীতে প্রায় চার বছর ধরে কর্মরত ছিলেন। ইসহাকজাই বলেন, নিরাপত্তা হুমকির কারণে তিনি তার পরিবারের সাথে একত্রিত হতে এক বছর আগে কাবুলে আসেন।
তালিবান গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে তালিবান মুখপাত্র, জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে স্বীকার করেন।
