ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীর ৮৪টি কেন্দ্রে আগামী শনিবার (৭ আগস্ট) থেকে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ৭ থেকে ১২ আগষ্ট পর্যন্ত করোনার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে দুইজন টিকাদানকারী (স্বাস্থ্যকর্মী) ও তিনজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রতিদিন ৩০০ জনকে মর্ডানার প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। টিকাদান কেন্দ্রে বয়োজ্যষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। টিকাদান কার্যক্রম সফল করতে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, মহানগরীতে ৩০টি ওয়ার্ডে ৮৪টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। করোনার টিকাদান কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। ১৮ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। টিকা নিতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ক্যাম্পেইন চলাকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র (স্থানঃ টিচার্স ট্রেনিং কলেজ), পুলিশ হাসপাতাল কেন্দ্র, আইডি হাসপাতাল কেন্দ্র, সিএমএইচ রাজশাহী কেন্দ্রে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া মহানগরের ৩০টি ওয়ার্ডের করোনা টিকাদান কর্মসূচী চলবে।
