নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : অবশেষে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের হস্তক্ষেপে স্টাইল ক্রাফট কারখানা শ্রমিকরা ঈদে ঘরে ফেরার স্বস্তি পেলেন। কারখানার প্রত্যেক শ্রমিক কর্মচারিকে ৫ হাজার টাকা করে দিয়েছেন মেয়র মোঃ জাহাঙ্গীর আলম বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত তিনটায় আন্দোলনরত শ্রমিক, কারখানার কর্মকর্তা ও প্রশাসনের উপস্থিতিতে তিনি এ ঘোষনা দেন। গত ১২ জুলাই থেকে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছিলো ওই কারখানা শ্রমিকরা। শ্রমিকদের লাগাতার আন্দোলন গণমাধ্যমে ব্যাপক সারা ফেলে। সরকারের উপর মহল থেকেও শ্রমিকদের সমস্যা সমাধানে চাপ ছিলো।
গাজীপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন জানান, স্টাইল ক্রাফট কারখানার ৪ হাজার ৩’শ শ্রমিক-কর্মচারি গত ১০ দিন যাবৎ বকেয়া বেতনের জন্য আন্দোলন করছিলো। একদিন পর ঈদুল আজহা। সবকিছু জেনে সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম প্রত্যেক শ্রমিক কর্মচারিকে ৫ হাজার টাকা দিয়েছেন। পরে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে।
জানা গেছে, স্টাইল ক্রাফ্ট পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা চলতি বছরের মার্চ, মে ও জুন মাসসহ গত সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন ভাতা সহ ২০১৯ সালের ডিসেম্বর, ২০২০ সালের মার্চ ও আগস্ট মাসের শতকরা ৫০ ভাগ, অক্টোবর মাসের ৩৫ ভাগ, নভেম্বর মাসের ১৫ ভাগ বেতন পাওনা রয়েছে। এ ছাড়াও কারখানার কর্মচারীরা ইনক্রিমেন্টসহ তাদের চার বছরের বাৎসরিক ছুটির ও ২ বছরের ঈদ বোনাসের টাকা পাওনা রয়েছে। তারা বেশ কিছুদিন ধরে এসব পাওনাদি পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আন্দোলনে করছে।
শ্রমিকদের মাঝে এক বক্তব্যে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, সবারই পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করার অধিকার আছে। সেই মানবিক দিক বিবেচনা করে তিনি প্রত্যেক শ্রমিক-কর্মচারিকে সমহারে এই টাকা দিয়েছেন। এসময় তিনি ভবিষ্যতে দাবি আদায়ে সড়ক অবরোধের মাধ্যমে জনদূর্ভোগ সৃষ্টি না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
