আর্ন্তজাতিক ডেস্ক: ইরাকের একটি হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ডে আগুন লেগে অন্তত ৪১ জন মারা গেছে। দেশটিতে তিন মাসের মধ্যে এটি করোনা ইউনিটে দ্বিতীয় অগ্নিকাণ্ড।
এএফপির এক সংবাদদাতা জানান, দক্ষিণ ইরাকের নাসিরিয়ায় আল-হোসাইন হাসপাতালে সোমবার রাতে আগুন লাগে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামালি বলেন, আগুনে পুড়েই তারা মারা গেছে। সেখানে ৬০ জন রোগীর থাকার ব্যবস্থা ছিল। অনুসন্ধান চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। মৃতদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মীও রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে বাগদাদে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদরদফতরেও আগুন লাগে। তবে তা দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।
ইরাকে চলতি বছর এ নিয়ে দুবার কোভিড হাসপাতালে আগুন লাগল। গত এপ্রিলে মজুত করা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছিল। ওইসময় আরো ১১০ জন আহত হয়েছিলেন।
