×

২৮ বছর পর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: সব প্রতীক্ষার অবসান হলো। অবশেষে লিওনেল মেসির শাপমুক্তি। দেশকে তিনি এনে দিতে পারলেন কাঙ্খিত ট্রফিটা। রবিবাসরীয় মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে (Copa America 2021) ব্রাজিলকে হারিয়ে শেষ হাসি হাসল আর্জেন্টিনা। অ্যানহেল ডি মারিয়ার এক মাত্র গোলে ‘সাউথ আমেরিকান ক্লাসিকো’ জিতে নিল লা আলবিসেলেস্তে। শুরু হলো নীল-সাদা সেলিব্রেশন। নেইমারের চোখে জল, মেসির মুখে হাসি।

ব্রাজিলের মারাকানা রাজত্বের অবসান ঘটালো লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ ৭১ বছর পর ঐতিহাসিক মারাকানায় হারল ব্রাজিল। আর্জেন্টিনা পেল ২৮ বছর পর শিরোপার স্বাদ। অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে তিতের অপরাজেয় যাত্রা অবসার ঘটিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

এদিন ম্যাচের মাত্র ২২ মিনিটে গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। ডি পলের বাড়ানো ক্রস থেকে ডি মারিয়ার বুদ্ধিদীপ্ত লফটেড শটে গোলে পাঠিয়ে দেন। এই গোলই লিওনেল স্কালোনির দলের হয়ে ইতিহাস লিখে দিল। যে ব্রাজিল গোটা টুর্নামেন্টে ঝড় তুলেছিল, সেই ব্রাজিল আজ ফাইনালে কোথায় যেন হারিয়ে গেল। নেইমার-পাকুয়েতাদের আজ আলাদা করে খুঁজতে হলো।

ফুটবলের ভাগ্য বিধাতা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসির জন্যই এবার ট্রফিটা বরাদ্দ করেছিলেন। বিশ্বকাপের পর পরপর দু’বার কোপার ফাইনালে উঠেও হারতে হয়েছিল তাঁর টিমকে। চোখের জলে মাঠ ছেড়েছিলেন তিনি। অভিমানে বলেছিলেন আর দেশের হয়ে খেলবেন না। আজ মেসি হাসছেন। তাঁর বহু বছরের স্বপ্ন স্বার্থক হলো রিও ডি জেনেইরোতে।