নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে মসজিদে এয়ারকন্ডিশন স্থাপন করতে গিয়ে আফজাল হোসেন (৩০) নামে এক এয়ারকন্ডিশন মিস্ত্রী বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহযোগি রাকিব হাসান (৩২) গুরুত্বর আহত হয়েছে। রোববার দুপুরে টঙ্গীর আরিচপুর এলাকার বাইতুল আমান জামে মসজিদে কাজ করাকালিন এঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত আফজাল মাদারিপুর জেলার শিবচর থানার শোলাপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আফজাল ও রাকিব দুইজনই রাজধানীর উত্তরখান চাঁনপাড়া এলাকায় বাসবাস করতেন।
পুলিশ জানায়, গতকাল দুপুরে ওই মসজিদের তৃতীয় তলায় এয়ারকন্ডিশন স্থাপনের কাজ করছিলেন আফজাল ও রাকিব। এসময় অসাবধানতাবশত: তারা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফজালকে মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহতাবস্থায় রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
##
