নিজস্ব প্রতিবেদক,ঢাকা: চীনের সিনোফার্ম থেকে কেনা করোনাভাইরাসের টিকার প্রথম চালানে ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, চীন থেকে টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
তিনি বলেন, এখন ১০ লাখ ডোজ টিকা এসেছে। শনিবার সকালে আরেকটি ফ্লাইটে আরো ১০ লাখ ডোজ টিকা আসবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন টিকা বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা বলে এর আগে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল।
এর আগে দুই দফায় সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে পাঠিয়েছিল চীন সরকার। ইতিমধ্যে চীনা টিকার প্রয়োগও শুরু হয়েছে।
