নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীতে কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাড়ি থেকে শনিবার সকালে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তিরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাদের মেয়ে জান্নাতুল (২০)।
শনিবার (১৯ জুন) কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলীর মুরাদপুর এলাকায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে সঙ্কটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষ ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে তাদের হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, খবর পেয়ে কদমতলীর মুরাদপুর এলাকায় হামিদা পাম্পের পাশের গলির একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
