×

গাজীপুরে ২০২টি পরিবারকে বিনামূল্যে দেয়া হবে জমি ও গৃহ

গাজীপুর প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে গাজীপুরে মোট ২০২টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। আগামি ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মতো গাজীপুরে আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। প্রতিটি জেলায় জমি ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হবে।

শুক্রবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফংএ এসব তথ্য জানান জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। তিনি জানান, দুই শতাংশ জমির উপর দুইটি কক্ষ, বাথরুম ও রান্নাঘর নিয়ে ৩৪০ বর্গফুট আয়তনের গৃহগুলো নির্মাণ করা হয়েছে। প্রতি ৫টি পরিবারের জন্য একটি সাবমার্সিবল পাম্প ও বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

জেলা প্রশাসক আরো জানান, প্রথম পর্যায়ে সারাদেশে ৬৯ হাজার এবং দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবার কে জমিসহ এ গৃহ দেয়া হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে গাজীপুর সদর উপজেলায় ৬৫টি, কালিয়াকৈর উপজেলায় ৯০টি, কাপাসিয়ায় ১২টি শ্রীপুরে ১৫টি এবং কালীগঞ্জ উপজেলায় ২০টি পরিবারকে এসব গৃহ প্রদান করা হবে।

প্রেসব্রিফিংএ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মশিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানিয়া তাবাসসুম, আরডিসি হাফিজা আক্তার, ভূমি হুকুম দখল কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।