নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টায় গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভার শুরুতে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রহমত উল্লাহ ডিজিটাল প্রজেক্টরের সাহায্যে ক্যাম্পেইনের স্ববিস্তার সাংবাদিকদের অবহিত করেন। আগামী ৫ থেকে ১৯ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬ ওয়ার্ডে ২ লাখ ৭৩ হাজার ৪৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপচুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা ভিটামিন এ প্লাস ক্যাপচুল পাবে। ২৬৪ টি কেন্দ্রে সেবাদানের জন্য স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকসহ মোট ১ হাজার ৯০০ জন নিয়োজিত থাকবে।
সভাপতির বক্তব্যে মেয়র মোঃ জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থবিধি মেনে অভিভাবকদের নিজ নিজ সন্তানকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর জন্য নিকটস্থ নির্দ্দিষ্ট কেন্দ্রে নিয়ে আসতে আহ্বান করেন । কোমলমতি একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ প্লাস পাওয়া থেকে বাদ না পরে সবার সহযোগীতা নিয়ে এটা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
