নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জামিনে মুক্তি পেয়েছেন মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা। এর আগে প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন তিনি।
তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরকারী সৌদি প্রবাসী কামরুল ইসলামের জিম্মায় তাকে জামিন দেয়া হয়েছে।
সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে তিনি জামিন পান।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এসআই মনিরুজ্জামান মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাদির জিম্মায় আসামি রোমানা ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত।
শনিবার এসআই মনিরুজ্জামান মণ্ডল বলেন, ঈদের আগে মামলার বাদি কামরুল ইসলাম তার জিম্মায় স্বর্ণার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১১ মার্চ রোমানা ইসলামের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সৌদিপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান। মামলার পরদিন রোমানা গ্রেফতার হন।
মামলায় রোমানা ইসলামের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে বলা হয়, রোমানা ইসলামের সাথে সৌদিপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসানের ২০১৮ সালে প্রথমে ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। তারই সূত্র ধরে রোমানা কামরুল হাসানের কাছ থেকে গাড়ি কেনার জন্য টাকা নেন।
কামরুল দেশে ফিরে আসার পর ২০২০ সালে ফাঁদ পেতে রোমানা তাকে বিয়েও করেন। তার কাছ থেকে ফ্ল্যাট কেনার টাকাও নেন। পরে চাপ দিয়ে কামরুল হাসানের কাছ থেকে তালাক নেন।
এরপর কামরুল আবার সৌদি আরবে চলে যান। সম্প্রতি কামরুল দেশে ফিরে তার টাকায় কেনা গাড়ি ও ফ্ল্যাট ফেরত চান। এতে রোমানা তার সহযোগীদের নিয়ে কামরুলকে হত্যার হুমকি দেন।
