রাজন্য রুহানি, জামালপুর : ফেসবুকে পরিচয় থেকে প্রেম। প্রেমিকার সঙ্গে দেখা করতে ভোলা জেলা থেকে জামালপুরের বকশীগঞ্জে আসেন ইমরান (২২) নামে এক প্রেমিক। তারপর প্রেমিকার অভিভাবকের কাছে ধরা পড়ে মার খেয়ে অচেতন অবস্থায় পড়েছিলেন রাস্তায়। স্থানীয়দের খবরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
প্রেমিক ইমরান ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনিসা গ্রামের জহুরুল হকের ছেলে।
মঙ্গলবার (৪ মে) রাত ১১ টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় বালুরচর বাজার এলাকার রাস্তা থেকে ওই প্রেমিককে উদ্ধার করা হয়। এ ঘটনায় কলেজ পড়ুয়া প্রেমিকা ও তার বাবাকে জিজ্ঞাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, রাস্তায় অচেতন অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। রাত সাড়ে ১১ টার দিকে ওই যুবককে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জ্ঞান ফেরার পর ওই যুবক জানান যে তিনি ভোলার রাজাপুরের চর মনিসা থেকে প্রেমিকার সঙ্গে দেখা করতে এখানে এসেছেন। ফেসবুকে তাদের পরিচয় হয়। তারপর প্রেম।
তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কলেজ পড়ুয়া প্রেমিকা ও তার বাবাকে থানায় আনা হয়েছে।
