দিবাকর দত্ত পুলীন, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর বাজারের হোটেল ব্যবসায়ী মোঃ আবু তালেব জোমাদ্দারকে তার আপন ভাতিজা মোঃ রমজান জোমাদ্দার ও ইমরান জোমাদ্দার সহ আরো কয়েকজন মিলে ছুরিকাঘাত করে আহত করে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কলারন গ্রামে এ হামলার ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের বিরুদ্ধে মামলা করার জের ধরে ক্ষিপ্ত হয়ে চাচার উপর এমন হামলার ঘটনা ঘটানো হয় বলে আহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
আহতের বোন স্থানীয় জেপি নেত্রী মোছা: আমেনা বেগম জানান, তার ভাই আবু তালেব জোমাদ্দার মঙ্গলবার রাতে তার চাচাতো ভাই কলারন গ্রামের কবির জোমাদ্দারের বাড়িতে যাওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা ভাতিজা রমজান জোমাদ্দার লোকজন নিয়ে আবু তালেবের ওপর আক্রমণ করে। এসময় আবু তালেবের স্ত্রী ও তাদের গাড়ি চালক বাধা দিলে তাদেরকে লাঠির আঘাতে রাস্তার পাশে পড়ে যায়। এসময়ে তাদের আর্ত চিৎকারে এলাকার লোক জন ছুটে আসলে রমজান তার সহযোগীদের নিয়ে আবু তালেবের পেটে ছুরি মেরে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ থাকায় এর আগে রমজানদের নামে আবু তালেব থানায় একটি মামলা করেন। এরই সূত্র ধরে মঙ্গলবার রাতে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আবু তালেবকে স্বজনরা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
ইন্দুরকানী থানার ওসি মো: হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
