রাজন্য রুহানী, জামালপুর : জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাহেব আলী (৬০) নামে এক বালু লুটেরাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার পাথর্শী ইউনিয়নের মুরাদাবাদ ঘাটে ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড ও জরিমানা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হীরক কুমার দাস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হীরক কুমার দাস জানান, দণ্ডিত সাহেব আলী মুরাদাবাদ ঘাটে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে দুপুরে মুরাদাবাদ ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে তাকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
