×

গাজীপুরে মুক্তিপণ না পেয়ে স্কুল ছাত্রকে হত্যা, গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গীতে অষ্টম শ্রেণী এক স্কুল ছাত্রকে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে ভিকটিমকে হত্যা করে টঙ্গীর তুরাগ নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনার সাথে জড়িত একজনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলো গাইবান্ধা জেলার সাঘাটা থানার রামগনর গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ আতাউল হোসেন (৩৫)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, গত ১৯ মার্চ সন্ধ্যায় টঙ্গীর তুরাগ নদীর শাখা নদে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় পর দিন অজ্ঞাত আসামী করে টঙ্গী পশ্চিম থানার মামলা রুজু হয়। মামলাটির তদন্ত কালে ভিকটিমের পরিচয় নির্নয়ের জন্য আশপাশের জেলায় ভিকটিমের ছবিসহ বেতার বার্তা প্রেরণ করা হয়। পরে খোঁজ হয় ওই ভিকটিম নিখোঁজ সংক্রান্ত ঢাকার তুরাগ থানায় একটি জিডি হয়েছে। উক্ত জিডির সূত্র ধরে থানা পুলিশ ভিকটিমের অস্থায়ী ঠিকানা ঢাকার কামারপাড়ায় গিয়ে তার বাবা-মায়ের সাথে কথা বলে পরিচয় নিশ্চিত হয়। মৃত ইসমাইল সরকার (১৪) সিরাজগঞ্জ জেলার রামগঞ্জ থানার ধানঘারা গ্রামের মো. নূর নবী সরকারের ছেলে। সে কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ভিকটিমের বাবা-মা ও আশপাশের লোকজনের কথা বলে ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহের পর নিশ্চিত হয়ে প্রকৃত আসামি মোহাম্মদ আতাউল হোসেনকে গ্রেফতার করে।

জাকির হাসান আরও জানান, গ্রেফতারকৃত আতাউল ওই ঘটনার সাথে জড়িত মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং সে সহ আরও দুইজন ভিক্টিম এর বাবার কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পরে ওই টাকা না পাওয়ায় তারা ইসমাইল হোসেনকে হত্যা করে তার লাশ তুরাগ নদীতে ফেলে দেয়।