×

পাঁচবিবিতে সাগর হত্যা, প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে সাগর হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের রোস্তম আলীর ছেলে মাসুদুর রহমান (২৭), একই উপজেলার জালালপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ আব্দুল হালিম এবং পাঁচবিবির উচনা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুর রউফ (৫০)।

পুলিশ জানায়, এরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। মানুষকে চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে। পরে চাকুরী প্রার্থীদের নির্মমভাবে হত্যা করে। মাসুদুর এবং হালিমকে গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে একইভাবে আরো হত্যার অভিযোগ রয়েছে। তারা সাগর হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের সহযোগী হিসাবে কাজ করা পাঁচবিবির রউফকেও গ্রেফাতার করা হয়েছে।

জয়পুরহাটের পাঁচবিবিতে চাকুরীর প্রলোভন দেখিয়ে সাগর ইসলামের কাছ থেকে ৯ লাখ টাকা হাতিয়ে নিয়ে ওই প্রতারক চক্র তাকে হত্যা করে। ২৫ মার্চ বৃহস্পতিবার নারায়নগঞ্জের সোনাগাঁও উপজেলার বৈদ্যরবাজার-বারদী সড়কের খংশারদীর ব্রীজের নিচ থেকে সাগর ইসলামের লাশ উদ্ধারের পর এমন চাঞ্চল্যকর ঘটনা বেরিয়ে এসেছে। এ ঘটনায় এ পর্যন্ত প্রতারক চক্রের ৩জন কে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে একই ভাবে গত ২৯ শে মার্চ গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানা পুলিশ রংপুরের মিঠাপুকুর উপজেলার কাঁঠালী নয়াপাড়া গ্রামের দবিরুল ইসলামের ছেলে কবির হাসান বাবু (২২) নামের অপর এক যুবকের লাশ শ্রীপুর সার্ফারী পার্ক থেকে উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে শ্রীপুর থানার এস আই সাদেকুল ইসলাম জানান, কবির হোসেন বাবু মামলার সূত্রধরে প্রতারক চক্রের দুইজনকে ২৯ মার্চ গ্রেফতার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, কবির হাসান বাবু ও পাঁচবিবি সাগর ইসলাম কে তারা হত্যা করেছে।

অপরদিকে গতকাল শুক্রবার রাত ১১টায় নারায়নগঞ্জ জেলা পুলিশের একটি টিম পাঁচবিবি থানা পুলিশের সহযোগিতায় উপজেলার উচনা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুর রউফ (৫০) কে সাগর হত্যা মামলায় গ্রেপ্তার করেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অতি দ্রুততার সাথে প্রতারক চক্রকে সানাক্ত করতে সক্ষম ও গ্রেফতার করতে পেরেছে। তাদেরকে আইনের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।