×

ভারতীয় নাগরিককে মারধর, গাজীপুরে সন্ত্রাসী শুকুর গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ভারতীয় নাগরিক সুবাসকে মারধরের ঘটনায় সন্ত্রাসী শুকুর আলীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশ। সুবাস রেলওয়ে প্রকল্পের কাজে এসে টঙ্গীতে বসবাস করতেন । গত ২ ফেব্রুয়ারী তিনি বাদী হয়ে শুকুরের বিরুদ্ধে মামলা করে। মামলা নম্বর ৩৬।

আজ বুধবার বিকেলে মহানগরের নিমতলি এলাকা থেকে শুকুরকে গ্রেফতার করা হয়। ভারতীয় নাগরিককে মারধরের ঘটনায় ব্যাপক তোলপাড় হয়। অভিযুক্তদের গ্রেফতারে ব্যার্থ হওয়ায় গত মাসে তৎকালিন ওসি আমিনুল ইসলামকে বদলীর ঘটনাও ঘটে। অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসার ঠিক আগমুহুর্তে ওই সন্ত্রাসী শুকুরকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ।

টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক মোঃ লিটন শরিফ জানান, ভারতীয় নাগরিক সুবাস মহানগরের টঙ্গীতে নতুন বাজার এলাকায় থাকতেন। সন্ত্রাসী শুকুর প্রায়ই তার কাছে নগদ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। পরে তিনি বাদি হয়ে শুকুরের বিরুদ্ধে মামলা রুজু করেন। অনেক খোঁজেও তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। শুকুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ।


টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ জাভেদ মাসুদ বলেন, সন্ত্রাসী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। শুকুর আলীর মত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের হাতে সর্পোদ করাই তার দায়িত্ব।