×

সবার জন্য বাসযোগ্য শহর করতে যাচ্ছি- মেয়র মোঃ জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘নগরের প্রত্যেকটি মানুষই আমার কাছে আমানত। সবার জন্য বাসযোগ্য শহর করতে যাচ্ছি। সিটি কর্পোরেশনের প্রান্তিক প্রতিটি নাগরিকই পর্যায়ক্রমে এই নগদ অর্থ অনুদান সুবিধা পাবে।’ গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠির সাথে মতবিনিময় ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র জাহাঙ্গীর আলম এসব কথা বলেছেন।


আজ শনিবার বিকাল ৩টায় মহানগরের টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুক্তরাজ্যের এফসিডিও এবং ইউএনডিপির আর্থিক সহায়তায় প্রান্তিক জনগোষ্ঠিার জীবনমান উন্নয়নকল্পে আর্থিক অনুদান কার্যক্রম শুরু করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, প্রান্তিক জনগোষ্ঠির সহায়তায় সরকার নানামুখি কার্যক্রম হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে অনুদানের চেক বিতরণ কার্যক্রম শুরু হলো।
তিনি আরও বলেন, আপনারা সন্তানকে শিক্ষিত করুন। চাকুরীর ব্যবস্থা আমরা করবো। কেহই বেকার থাকবে না। করোনায় সারা বিশে^ কাজকর্ম বন্ধ ছিলো। আমাদের এই শহরের কাজ কিনতু চলছে। আমাদের শহর, আমাদের সন্তান, আমাদের পরিবার। নগরের মেয়র হিসেবে প্রত্যেকটা মানুষ আমার কাছে আমানত।
তিনি বলেন, আমি সবার জন্য শহর করতে যাচ্ছি। শহরের ৫৭টি ওয়ার্ডেই কোন না কোন কাজ চলছে। আমাদের যোগযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা শক্তিশালি হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক জোন সৃষ্টি করা হচ্ছে। অর্থনীতি ভাল হলে শহরের মান মর্যাদাও বাড়বে।
কাউন্সিলর রীনা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে কাউন্সিলর, নাসির উদ্দিন মোল্লা, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ সাদেক আলী, মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ জাকির হোসেন খোকন ও সিডিসির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।