নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুর সিটির প্রথম সর্বোচ্চ করদাতা হয়েছেন সিটি মেয়র আলহাজ্ব এডভোকেট মো. জাহাঙ্গীর আলম। তিনি গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এমপি’র হাত থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন।
জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় ধরে কর প্রদানকারীগণকে সম্মাননা, সম্মানপত্র ও ট্যাক্স কার্ড প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র এই সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিটি মেয়র জাহাঙ্গীর আলম বর্তমান সরকারের প্রতি কর কমানোর দাবি জানিয়ে বলেন, পৃথিবীর অনেক দেশেই খুব সহজে কর ও ভ্যাট দিতে পারে। কিন্তু আমাদের এখানে কর ও ভ্যাট দেয়ার ক্ষেত্রে অনেক ধরনের সিস্টেমের মধ্যে পড়তে হয়। দেখা যায়, সিঙ্গাপুরে ভ্যাট দিচ্ছে শতকরা মাত্র চার পার্সেন্ট। আর আমাদের এখানে একটা হোটেলে গেলে ১৫ পার্সেন্ট ভ্যাট দিতে হয়।
এসব ক্ষেত্রে মানুষ কর দেয়া না দেয়া নিয়ে একটা লুকোচুরি করে এবং শতকরা নব্বই ভাগ মানুষ কর না দেয়ার উছিলায় থাকে। মেয়র জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আছেন। তাই প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এটা যেন সহজ ও শতকরা হার কম হয় সেই চেষ্টা করার অনুরোধ করছি। কর যদি অনলাইনভিত্তিক ও মোবাইলে সঙ্গে সঙ্গে নেয়ার ব্যবস্থা করা হয় এবং চার থেকে পাঁচ শতাংশের মধ্যে যদি নির্ধারণ করা হয়, তাহলে মানুষ তা প্রদান করতে আগ্রহী ও অভ্যস্ত হবে। এ নিয়ে রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না থাকে। সকল মানুষকে একটা সম্মানিত অবস্থায় রেখে যেন কর আদায়ের ব্যবস্থা করা হয়। মানুষ যাতে সহজে কর দিতে পারে সরকারের পক্ষ থেকে সেই পরিবেশ সৃষ্টি করা হোক। করদাতাদের যেন সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতাও দেয়া হয়।
গাজীপুর অঞ্চলের কর কমিশনার মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী, সিটি মেয়র ছাড়াও গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার হোসেন সাদাত সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
