×

বয়স ৪০ হলেই করা যাবে টিকার নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বয়স ৪০ বছর হলেই করোনার টিকার জন্য নিববন্ধন করতে পারবেন যে কেউ। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা সোমবার থেকেই কার্যকর হবে।

এর আগে ৫৫ বছরের বেশি বয়সী ও সম্মুখসারিতে থাকা বিভিন্ন পেশাভিত্তিক শ্রেণি অথবা বিশেষ শ্রেণির নাগরিকরাই টিকার জন্য নিবন্ধন করতে পারছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইয়াংদের জন্য আস্তে আস্তে (রেজিস্ট্রেশন) ওপেন করে দিতে হবে। ফ্রন্টলাইনার যারা আছেন, তাদের ফ্যামিলির জন্যও ওপেন করে দিতে হবে।’

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও নির্দেশনা দিয়েছেন, টিকা নিতে আগ্রহী কেউ যদি আগাম নিবন্ধন করতে না পারেন, তবে তিনি তার জাতীয় পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে গেলে সেখান থেকেই যেন সরাসরি নিবন্ধন করতে পারেন, সে ব্যবস্থা রাখতে হবে।

টিকা নিলেও প্রধানমন্ত্রী সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।