×

গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ র‌্যাবের হাতে চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী :
গাজীপুরের গাছা থানার হাজীর পুকুর এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার, নগদ টাকা ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃতরা হলেন-কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসুরচর এলাকার জমশেদ মোল্লার ছেলে মো. এরশাদ মোল্লা (৩৭), ফেনি সদরের এলিন ম্যানসন পেট্টোল বাংলা, পূর্ব উকিলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ফারুক (৩১), শরিয়তপুর জেলার ডামুড্ডা থানা এলাকার হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম ওরফে সুমন (৪০) এবং ফেনি সদরের চেওরিয়া সোহাগ মিয়ার বাড়ি এলাকার আমিনুল ইসলামের ছেলে সাহিদুল ইসলাম সোহেব (৩০)।


লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, হাজীর পুকুর এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এসময় উল্লেখিত চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৯ হাজার ৬পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার, নগদ ৩ হাজার ১২০টাকা, আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে চোরাইপথে ইয়াবা ট্যাবলেট আমদানি করে গাজীপুরের গাছা থানা এলাকার বিভিন্নস্থানে বিক্রয় করে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।