×

ভারত থেকে যথাসময়ে করোনা ভ্যাকসিন আসবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : শুধু ভারত নয় অন্য উৎস থেকেও করোনা ভ্যাকসিন দ্রুত পাবার জন্য তৎপরতা শুরু করেছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের মধ্যে দেশের ৪০ শতাংশ মানুষের জন্য শুধু টিকা পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা রয়েছে।

তার মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে আসবে ৯ শতাংশ এবং কোভ্যাক্স থেকে আসবে ৩১ শতাংশ। কোভ্যাক্সের টিকা প্রথম ধাপের ২০ শতাংশ টিকা ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে এবং বাকিটা ডিসেম্বরের মধ্যে আসার কথা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভ্যাকসিন সরবরাহের ব্যাপারে ভারতের সাথে সই করা চুক্তির ব্যত্যয় হবে না। সময়মতোই টিকা পাবে বাংলাদেশ। ভারতের নিজস্ব চাহিদা মেটানোর আগে অন্য দেশকে বাণিজ্যিকভাবে টিকা না দেওয়ার বিষয়ে ভারতের আপত্তির পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো এবং সেরামের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বাংলাদেশ চুক্তিমতো টিকা পাবে।