×

গাজীপুরে গৃহহীন ইমামদের ঘর হবে: মেয়র জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুর মহানগরে যেসব ইমামদের জায়গা আছে ঘর নাই তাদের ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার দুপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাঠে ইমাম-খতিব ও ওলামা মাশায়েখদের সমাবেশে মেয়র এসব কথা বলেন।

সমাবেশে মেয়র বলেন, গাজীপুর মহানগরের ইমামদের পর্যায়ক্রমে হজ করানো হবে; যেসকল ইমামদের জায়গা আছে ঘর নাই তাদের ঘর নির্মাণ করে দেওয়া হবে।

তিনি আলেম সমাজের প্রতি কোরআন ও হাদিস নিয়ে কাউকে ভুল ব্যাখ্যা না দেওয়ার আহ্বান জানান।

মেয়র আরও বলেন, “ইমাম-আলেমরা স্বল্প আয়ে তাদের পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করছেন। তাই আমার পক্ষ থেকে মহানগরের ইমাম-মুয়াজ্জিনদের সহায়তা প্রদানের চেষ্টা করছি। আমি তাদের জন্য সম্মানী ভাতা দিচ্ছি।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের হয়রত মাওলানা গোলাম মাওলা, মাওলানা মনজুর হোসেন, মাওলানা আবুবকর সিদ্দিক, মাওলানা ফজলুর রহমান প্রমুখ।