নিজস্ব প্রতিবেদক, টঙ্গী :
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইচক্রের মূল হোতা রাজু মিয়াকে (২৮) গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরে মিলগেট এলাকা থেকে ওই চিহ্নিত ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি আইফোন উদ্ধার করা হয়।
এলাকাবাসি ও পুলিশ জানান, বৃহস্পতিবার বেলা ২ টার দিকে মাই টিভির কালীগঞ্জ থানা প্রতিনিধি মিজানুর রহমান মিলগেট হয়ে তার বসত বাড়ি গাজীপুরার দিকে যাচ্ছিলেন। এসময় এলাকার ছিনতাইকারীচক্রের হোতা রাজু সাংবাদিক মিজানের হাতে থাকা আইফোনটি টান মেরে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় সাংবাদিক, স্থানীয় জনতা ও ছাত্রলীগ নেতৃবৃন্দ মিলে বিভিন্নস্থানে প্রায় ২ ঘন্টা খোঁজাখুঁজির পর তার অবস্থান নির্ণয় করে ঘেরাও দিয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। এসময় তার দেহ তল্লাশি করে ছিনতাইকৃত আইফোনটি উদ্ধার করা হয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট তাকে সোপর্দ করা হয়। রাজু দীর্ঘদিন যাবত মিলগেট ও আশপাশের এলাকায় ছিনতাইচক্র চালিয়ে আসছিলো। তাকে পুলিশে সোপর্দ করার পর এলাকাবাসির মধ্যে স্বস্তি ফিরে আসে।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত রাজু সংঘবদ্ধ ছিনতাইচক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
