×

পাঁচবিবিতে পোকার আক্রমনে আখের ব্যাপক ক্ষতি

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাজরা পোকার আক্রমনে আখের ব্যাপক ক্ষতি হয়েছে। আখের গাছ ও পাতা শুকে মরে গেছে। যে টুকু জীবিত আছে তাও আবার আকারে ছোট। ঔষধেও পোকার আক্রমন থেকে রক্ষা করা যাচ্ছে না ক্ষেতের আখ।


ভারত সীমান্ত ঘেষা উপজেলার বাগজানা, ধরঞ্জী ও আয়মারসুলপুর ইউনিয়নের আখ খেতে পোকার আক্রমন বেশী।


শ্রীমন্তপুর গ্রামের নুরুল ইসলাম বলেন, আখ লাগানোর জন্য ৩ বিঘা জমি তৈরী, বীজ, সার, শ্রমিক সবমিলে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়েছে। নন্দইল গ্রামের নাজির হোসেন বলেন এবছর আড়াই লক্ষ টাকা খরচে ১০ বিঘা জমিতে আখ চাষ করেন। অনেক ঔষধপত্র প্রয়োগ করেও পোকার হাত থেকে আখ রক্ষা করতে পারেননি। পোকা খাওয়ার পরে জমিতে যেটুকু আছে তা দিয়ে খরচের টাকাও উঠবে না বলে তারা জানান। পোড়ানগর গ্রামের আখচাষী এনামুল হক জানান, আক্রান্ত আখগুলি শুধুমাত্র জালানী হিসাবে ব্যবহার করা যাবে। উপজেলার মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আলহাজ্ব মিছির আলী মন্ডল বলেন, অন্য ফসলের পাশাপাশি আখ চাষ করে থাকি প্রতি বছরই কিন্ত এবছর পোকা আমার জমির আখ খেয়ে শেষ করে দিয়েছে।

জয়পুরহাট চিনিকলের পাঁচবিবি সাবজোন অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, উপজেলায় এবছর প্রায় ২ হাজার একর জমিতে আখ চাষের লক্ষমাত্রা থাকলেও মাত্র সাড়ে ৮’শ একর জমিতে চাষ হয়েছে। যে সময় আখ গাছ বেড়ে উঠবে ঠিক সেই সময়ে টানা কয়েক দিন বৃষ্টির জন্য তা ব্যাহত হয়েছে। এবছর পোকার আক্রমনে আখের ফলনও একটু কম।