×

শীতে শিশুর যত্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : শীত মৌসুমে কিভাবে শিশুর যত্ন নিবেন অনেকেই তা ঠিক বুঝে উঠতে পারেন না। আমরা আপনাকে দিচ্ছি কিছু এক্সপার্ট পরামর্শ যা আপনার শিশুকে এই ঠাণ্ডা আবহাওয়া থেকে রক্ষা করতে সাহায্য করবে এবং আপনাদের দু’জনকেই রাখবে নিশ্চিন্ত।

বুকের দুধ খাওয়ানো :  আপনার শিশুর রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সবচেয়ে কার্যকর উপায় হল তাকে বুকের দুধ খাওয়ানো। যেসব শিশুকে বুকের দুধ খাওয়ানো হয় না তাদের আলাদা বাটি বা পাত্রে আলাদা খাবার দেয়া হয়ে থাকে।এতে করে জীবাণুর সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। শিশুকে বুকের দুধ খাওয়ালে এই ব্যাপারে দুশ্চিন্তামুক্ত থাকা যায়। 

টিকা দেয়া : টিকা দেবার সময়গুলো সঠিকভাবে মেনে চলার চেষ্টা করুন। এই ব্যাপারটি শিশুর স্বাস্থ্যের ব্যাপারে অনেক বড় ভূমিকা রাখে এবং বেশ কিছু মারাত্মক অসুখের বিরুদ্ধে সুরক্ষা দেয়। যদি কোনোকারণে কোন একটি ডোজ মিস হয়ে থাকে, তবে দ্রুত শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন এবং যত দ্রুত সম্ভব দেয়ার ব্যাবস্থা করুন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা :  শীতকাল সাথে করে নিয়ে আসে ফ্লু এবং ঠাণ্ডা লাগার বাড়তি ঝুঁকি। শিশুকে খাওয়ানোর আগে, কোলে নেয়ার আগে এমনকি আদর করার পূর্বে ভালো করে হাত ধুয়ে নিন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করুন। যেন আপনার মাধ্যমে শিশু কোনো জীবাণুর সংস্পর্শে না আসে। শিশুর বিছানার চাদর এবং কাঁথা প্রতিদিন বদলাবার কথা মনে রাখবেন, এতে শিশুও থাকবে স্বস্তিতে।

উষ্ণতা :  আরামদায়ক গরম একটি পরিবেশ আপনার শিশুকে হাসিখুশি এবং আরামে রাখবে। আপনার শিশু উষ্ণতা অনুভব করবে এরকম একটি তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। যেসব দরজা-জানালা দিয়ে শিশুর ঘরে ঠাণ্ডা বাতাস ঢুকতে পারে সেগুলো সব বন্ধ রাখুন, কিন্তু আলো-বাতাস চলাচলের জন্য যথেষ্ট ব্যবস্থা রাখুন। একইসাথে শুষ্কতা এবং ত্বক ফেটে যাওয়া এড়াতে সঠিক পরিমাণের আর্দ্রতা বজায় রাখুন।

পোশাক : আপনার শিশুর গায়ের পোশাকটি তার অনুভূতি এবং ব্যবহারের উপর প্রভাব ফেলে। আরামদায়ক গরম পোশাক আপনার বাবুকে ভালোভাবে ঘুমাতে সাহায্য করবে এবং এতে সে আরো আরাম অনুভব করবে। আবার মনে রাখবেন যে আপনি বাসার তাপমাত্রাও নিয়ন্ত্রণ করছেন, তাই ভারী এবং আঁটসাঁট কাপড় ব্যবহার থেকে বিরত থাকুন। শীতের পোশাক বাছাই করার সময় খেয়াল রাখবেন তা যেন আরামদায়ক এবং নরম কাপড়ের হয়।

ম্যাসাজিং : আপনার বাবুকে প্রতিদিন একটি আরামদায়ক উষ্ণ ওয়েল ম্যাসাজ দিলে এটি তার শরীরের জন্য ভাল হবে। তেল এবং ময়েসচারাইজার শিশুকে রাখবে নরম এবং প্রাণবন্ত। যদিও শিশুদের যত্নের জন্য অনেক পণ্যই বাজারে রয়েছে তবে বাছাই করার ক্ষেত্রে  আপনার ডাক্তারের পরামর্শমত একটি বা দু’টি বেছে নিন।

আর এভাবেই এই ছোট্ট টিপসগুলো মনে রেখে আপনার শিশুর সাথে প্রথম শীতকালটি উপভোগ করুন নিশ্চিন্তে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *